রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন

খুলনায় শ্রমিক দল নেতা মাসুম হত্যা শুটার অশোককে ভাড়া করা হয় ৫০ হাজার টাকায়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৩২ Time View
44

এলাকায় আধিপত্য বিস্তার ও সন্ত্রাসী গ্রুপ বি কোম্পানির সঙ্গে বিরোধের জের ধরেই খুলনায় শ্রমিক দল নেতা মাসুম বিল্লাহকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। এ জন্য ৫০ হাজার টাকা দিয়ে শুটার অশোক ঘোষকে ভাড়া করা হয়। দেওয়া হয় ইতালির তৈরি নতুন নাইন এম এম পিস্তল। হত্যা মিশনে থাকা অন্যদেরও আলাদা টাকা দিয়ে ভাড়া করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানিয়েছে হত্যায় অংশ নেওয়া অশোক ঘোষ। এ হত্যার ঘটনায় আরও একজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।

গত বুধবার রাত ৯টার দিকে নগরীর ডাকবাংলো মোড়ের বাটা শোরুমের ভেতরে মাসুম বিল্লাহকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে পিস্তলসহ অশোক ঘোষকে আটক করে পুলিশ।

নিহত মাসুম বিল্লাহ খুলনার রূপসা উপজেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং উপজেলা শ্রমিক দলের সাবেক আহ্বায়ক ছিলেন। রূপসা উপজেলার বাগমারা পেট্রোল পাম্পের পাশে তাঁর বাড়ি। মাসুমের বিরুদ্ধে একটি হত্যা এবং একটি অস্ত্র মামলা রয়েছে।

খুলনা সদর থানার ওসি কবির হোসেন জানান, ঈদের বাজার করতে সন্তানদের নিয়ে ডাকবাংলো মোড়ে যান মাসুম বিল্লাহ। সেখানে ছয়-সাতজনের একটি সন্ত্রাসী দল তাঁকে হত্যা করে। তাঁর শরীরে তিনটি গুলি এবং বেশ কয়েকটি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্ত শেষে মাসুমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দাফনের পর স্বজন হত্যা মামলা করতে থানায় যাবেন। এ ছাড়া অস্ত্র উদ্ধারের ঘটনায় সদর থানার এস আই আমিনুল ইসলাম বাদী হয়ে পৃথক আরেকটি মামলা করেছেন।

ওসি কবির হোসেন জানান, প্রাথমিকভাবে জানা গেছে, বি কোম্পানির সঙ্গে পূর্বশত্রুতার জেরেই মাসুমকে হত্যা করা হয়। এ জন্য ৫০ হাজার টাকা দিয়ে অশোক ঘোষকে ভাড়া করা হয়েছিল। নগরীর ময়লাপোতা মোড়ে এসে বি কোম্পানির লোকজন তাকে অস্ত্র বুঝিয়ে দেয়। অন্যরাও বিভিন্ন এলাকা থেকে এসে ডাকবাংলো মোড়ে উপস্থিত হয়ে হত্যাকাণ্ডে অংশ নেয়।

খুলনা মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম জানান, অশোক খুলনার সন্ত্রাসী গ্রুপ বি কোম্পানির সক্রিয় সদস্য। সঙ্গে থাকা ব্যক্তিদের কয়েকজনের নাম জানিয়েছে সে। তাদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com